, , চট্টগ্রাম

অনন্য চট্টগ্রাম

পরে রাজনৈতিক সমঝোতা করে ছাড়ে লাশ

বকেয়া বিলের জন্য যুবদল নেতার লাশ আটকে রাখার অভিযোগ এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ নয় মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেলেন মো. মিজানুর রহমান (৩৫)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও হাসপাতালের চিকিৎসাধীন বিল পুরোপুরি পরিশোধ করতে না পারায় প্রথমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে চায়নি এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে লাশের দাফন-কাফন নিয়ে অনিশ্চয়তায় পড়ে পরিবারটি।

মিজানের ভাই মো. এনাম জানান, বুধবার চিকিৎসকের অধীনে কেমোথেরাপির তৃতীয় সাইকেল শেষ করে চতুর্থ সাইকেলের চিকিৎসাধীন ছিলেন মিজান। এ সময় তার চিকিৎসার মোট বিল দাঁড়ায় ৩০ লাখ ৫৯ হাজার ৬৮৭ টাকা। পরিবারের পক্ষ থেকে ১১ লাখ টাকা পরিশোধ করা হয়ে। বাকি থাকে ১৯ লাখ ৫৯ হাজার ৬৮৭ টাকা।

পরিবারের অভিযোগ, পুরো বিল দিতে না পারায় প্রথমে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যেতে পারেননি তারা। এতে স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও অসহায়ত্ব তৈরি হয়। পরে রাজনৈতিক চাপে লাশ ছাড়ে এভারকেয়ার।

মিজান রাঙ্গুনিয়া কলেজে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং হোসেনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি স্ত্রী ও তিন বছরের একমাত্র সন্তান রেখে গেছেন।

পরিবার ও স্বজনরা জানান, তার চিকিৎসার জন্য দেশ-বিদেশের অনেক মানুষ হাত বাড়িয়ে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন। তবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বকেয়া বিল ছাড়া লাশ দিতে চায়নি। বিষয়টি অমানবিক।