, , চট্টগ্রাম

অনন্য চট্টগ্রাম

পুলিশ বক্সের কাছেই ‘S & J Enterprise’-এ দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

চট্টগ্রাম নগরীর ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের নতুন ব্রিজ এলাকায় ‘S & J Enterprise’ নামের একটি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে (সোমবার ৩১ তারিখ) এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।

অফিস সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় চোরের দল অফিসে প্রবেশ করে নগদ ৬৫ হাজার টাকা, চারটি ব্ল্যাঙ্ক চেক, একটি পাওয়ার ব্যাংক এবং একটি মাজারের দানবাক্স নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে চুরির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি এবং চুরি যাওয়া মালামালও উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ব্রিজ ও বাকলিয়া পুলিশ বক্সের আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, পুলিশ বক্সের কাছাকাছি এলাকায়ও যদি এভাবে চুরি সংঘটিত হয়, তাহলে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, চুরির ঘটনাগুলো দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চুরি প্রতিরোধে রাতে টহল জোরদার, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগীদের প্রত্যাশা, ‘S & J Enterprise’-এ সংঘটিত চুরির ঘটনায় দ্রুত মামলা গ্রহণ, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে পুলিশ।