, , চট্টগ্রাম

অনন্য চট্টগ্রাম

চন্দনাইশ খেলোয়াড় সমিতির ৩১ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জন্ম নেওয়া এবং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ক্রীড়া আসরে প্রতিনিধিত্বকারী সাবেক ও বর্তমান কৃতি খেলোয়াড়দের নিয়ে ‘চন্দনাইশ খেলোয়াড় সমিতি, চট্টগ্রাম’-এর ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

চন্দনাইশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিভিন্ন ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়দের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং খেলোয়াড়দের আদর্শ ক্যারিয়ার গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কাউন্সিলর ও সাবেক প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট খেলোয়াড় আরিফ আহমেদ চৌধুরীকে গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় আসকার খান বাবুকে সভাপতি এবং সাবেক জেলা ব্যাডমিন্টন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যাংকার আবু মো. হুজাইফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার ও সিজেকেএস কাউন্সিলর শাহেদ সাকি। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক ফুটবলার ও সিজেকেএস কাউন্সিলর মোজাম্মেল হক, ফার্স্ট ক্লাস ক্রিকেটার সাজ্জাদুল হক রিপন, সাবেক ফুটবলার মোহাম্মদ এনাম এবং ঢাকা আবাহনীর ফুটবলার সায়েদ হোসেন সায়েম।

অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ক্রিকেটার অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ক্রিকেটার ও সিজেকেএস কাউন্সিলর আদিল আহমেদ কবির এবং ফুটবলার আকতার হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও কোচ মো. শাহেদুল ইসলাম।

কার্যকরী কমিটির সদস্যরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত। সদস্যদের মধ্যে রয়েছেন ফুটবলার মোহাম্মদ হোসাইন, ক্রিকেটার আমজাদ হোসেন, উশু ও মার্শাল আর্ট খেলোয়াড় মোহাম্মদ মোর্শেদ, ক্রিকেটার মো. সোহেল হোসেন, সজীব বৈরাগী, অছিউর রহমান, ফারিয়াজ আফ্রিদি অরিন, নাহিদ হাসান ও মিজানুর রহমান।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফুটবলার মিশকাত উদ্দিন দীপু, মোহাম্মদ সোহেল ও রিয়াজুল করিম মানিক, সাবেক জাতীয় স্কেটার মোহাম্মদ শাহাদাত নিশাদ, জেলা স্কেটিং কোচ উজ্জ্বল চৌধুরী, ক্রিকেটার অ্যাডভোকেট ইরফাত আলভী ও মাহতাব ফরহাদ, কারাতে খেলোয়াড় আজহারুল ইসলাম অপি, রবিউল হাসান রবিন, অরুন বড়ুয়া এবং অ্যাডভোকেট ইমরান উদ্দিন।

চন্দনাইশের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আফতাব আহমেদ চৌধুরী এবং সাবেক অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ভিক্টর বড়ুয়াকে সংগঠনের গভর্নিং বডির সম্মানসূচক ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। চন্দনাইশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর লক্ষ্যেই এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চন্দনাইশে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও তাঁদের অনেকেই প্রয়োজনীয় সহযোগিতা, দিকনির্দেশনা ও সুযোগের অভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেন না। এসব খেলোয়াড়কে একটি সংগঠিত প্ল্যাটফর্মে এনে প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন পর্যায়ে সুযোগ সৃষ্টিতে কাজ করবে চন্দনাইশ খেলোয়াড় সমিতি।

নবগঠিত কমিটির মাধ্যমে চন্দনাইশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।