চট্টগ্রামে সিডিএর কড়া অভিযান নকশা লঙ্ঘন ও পার্কিং দখলের দায়ে ৪১ লাখ টাকা জরিমানা, ৪ ভবন সিলগালা
নিজস্ব প্রতিবেদক: নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও যানজট কমাতে এবং ইমারত নির্মাণ বিধিমালা কঠোরভাবে কার্যকরে আগ্রাবাদে জোরালো অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নগরের আগ্রাবাদ অ্যাকসেস রোড ও শান্তিধারা আবাসিক এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকশা বহির্ভূত নির্মাণ ও পার্কিংয়ের জায়গা দখলের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনমালিককে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এবং সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের উপস্থিতিতে দিনভর এই অভিযান পরিচালিত হয়। পার্কিংয়ের নির্ধারিত জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ‘উৎসব সুপারমার্কেট’ আউটলেটকে ৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশাবহির্ভূত অংশ সংশোধনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। একই অপরাধে ‘স্বপ্ন সুপারশপ’-এর ভবনমালিককে ৭ লাখ এবং সুপারশপ কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
পার্কিংয়ের কোনো ব্যবস্থা না রেখে ব্যবসা পরিচালনার দায়ে ‘সেফস লাউঞ্জ’ নামের একটি রেস্তোরাঁসহ মোট ৪টি ভবন সিলগালা করা হয়েছে। সিলগালা করা অন্য তিনটির মধ্যে দুটি ৩ তলা এবং একটি ১১ তলা ভবন রয়েছে। পাশাপাশি এসব ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযানে মোট ১১টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে আইন অমান্য করে গড়ে তোলা ৩টি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, বড় বড় সুপারশপ গড়ে উঠলেও অনেক ক্ষেত্রে সেখানে পার্কিংয়ের ন্যূনতম ব্যবস্থা রাখা হচ্ছে না, যা তীব্র যানজটের সৃষ্টি করছে। তিনি নগরবাসীকে সিডিএর অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ এবং যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন।
সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা ও ব্যবসার বিরুদ্ধে সিডিএর এমন সাড়াঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।