ঢাকা-করাচি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়বে
স্টাফ করেসপন্ডেন্ট: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, ঢাকা-করাচি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে করাচি পর্যন্ত তাদের প্রথম ফ্লাইট চালু করেছে। ১৪ বছর বিরতির পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের মধ্যে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন যার লক্ষ্য ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা।
তিনি উল্লেখ করেন যে, গত বছরের আগস্টে পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় আমাদের দুই দেশের জনগণের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে, উভয় পক্ষ সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছিল।
আজ এটি চালু করার ফলে দুই দেশের যুব, শিক্ষা, সাংস্কৃতিক, ব্যবসা, মানুষে মানুষে এবং পারিবারিক আদান-প্রদান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হাইকমিশনার বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।