, , চট্টগ্রাম

অনন্য চট্টগ্রাম

এলডিসি উত্তরণের পরও ৩ বছর যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশি পণ্য

এলডিসি উত্তরণের পরও ৩ বছর যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশি পণ্য

​নিজস্ব প্রতিবেদক::স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী সময়েও বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান জানিয়েছেন, উত্তরণের পর ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে তিন বছর প্রায় ৯৯ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এমনকি এই ট্রানজিশনাল সময় পেরিয়ে যাওয়ার পরও প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।
​সোমবার (২১ সেপ্টেম্বর) দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বস্ত করেন।
​ডেপুটি হাই কমিশনার আরও জানান, ব্রিটিশ পণ্য, সেবা বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আর্থিক সহায়তা দিতে ব্রিটিশ সরকার ২ বিলিয়ন পাউন্ডের একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা যুক্তরাজ্যে নিজেদের পণ্যের বাজার আরও প্রসারিত করতে পারবেন। এছাড়া, যুক্তরাজ্যের বাজারে প্রবেশের নিয়মকানুন ও প্রক্রিয়া চেম্বার সদস্যদের বোঝাতে খুব দ্রুত চিটাগাং চেম্বারে একটি কর্মশালার আয়োজন করবে ব্রিটিশ হাইকমিশন।
​সাক্ষাৎকালে চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চট্টগ্রাম সমুদ্রবন্দর, বিমানবন্দরসহ সামগ্রিক লজিস্টিক খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান জানান। লালদিয়া টার্মিনালে বিদেশি বিনিয়োগের আদলে অন্যান্য বড় অবকাঠামো নির্মাণ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায়ও ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।
​পাশাপাশি, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যাল, স্টিল, টেক্সটাইল ও গ্রিন এনার্জি খাতে ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান চেম্বার নেতারা। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং ব্রিটিশ হাইকমিশনের ডাইরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাকিব এরশাদ।