, , চট্টগ্রাম

বিনোদন

একই দিনে সিনেপ্লেক্সে হলিউডের দুই চমক

সংগৃহীত ছবি

একদিকে গা ছমছমে অতিপ্রাকৃত ভৌতিক গল্প, অন্যদিকে ডাইনোসর আর আগ্নেয়গিরিকে ঘিরে রুদ্ধশ্বাস এনিম্যাশন অভিযান। ভিন্ন স্বাদের দর্শকদের জন্য একই দিনে হলিউডের দুটি ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

আজ শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফারদার’ এবং ‘পাও পেট্রোল : দ্য ডাইনো মুভি’।

 

ভৌতিক সিনেমাপ্রেমীদের জন্য থাকছে জনপ্রিয় ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। অন্যদিকে শিশু ও পারিবারিক দর্শকদের জন্য ‘পাও পেট্রল’-এর নতুন অভিযানে যোগ হচ্ছে জীবন্ত ডাইনোসর, রহস্যময় দ্বীপ ও আগ্নেয়গিরির বিপদ।

‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফারদার’—ভয়ের জগৎ এবার বাস্তবেই?

‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফারদার’।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ইনসিডিয়াস : দ্য রেড ডোর’-এর পর নতুন কিস্তিটির অপেক্ষায় ছিলেন ভৌতিক সিনেমার ভক্তরা।
জ্যাকব চেজ পরিচালিত অতিপ্রাকৃত ভৌতিক সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্সসহ আরো অনেকে। আগের কিস্তি থেকে নিজের পরিচিত চরিত্রে ফিরেছেন লিন শে।

সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র জেমা।

আগের ‘ইনসিডিয়াস’ সিনেমাগুলোয় মানুষ ‘দ্য ফারদার’-এ গিয়ে আটকে পড়া আত্মা বা অশুভ শক্তির মুখোমুখি হয়েছে। নতুন গল্পে সেই ধারণা আরো বিস্তৃত হয়েছে। এবার ভৌতিক জগৎ আর বাস্তব পৃথিবীর মাঝের সীমারেখাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়।

জেমা চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ। গল্পের কেন্দ্রবিন্দু এই চরিত্রের বিশেষ ক্ষমতাই একদিকে তাঁর শক্তি, অন্যদিকে পরিবারকে ঘিরে আসা ভয়াবহ বিপদের কারণ।

ডাইনোসর আর আগ্নেয়গিরির নতুন অভিযানে ‘পাও পেট্রল’

একই দিনে মুক্তি পাচ্ছে জনপ্রিয় এনিম্যাশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘পাও পেট্রল : দ্য ডাইনো মুভি’। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাও পেট্রল : দ্য মাইটি মুভি’-এর পরবর্তী কিস্তি।

ক্যাল ব্রুঙ্কার পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, স্নুপ ডগসহ আরো অনেকে।

নতুন এই সিনেমায় পাও পেট্রলের দল এক রহস্যময় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে পৌঁছে যায় দুর্গম এক গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে। তবে দ্বীপটি সাধারণ কোনো জায়গা নয়। সেখানে রয়েছে জীবন্ত ডাইনোসর!

দ্বীপে গিয়ে দলের সঙ্গে পরিচয় হয় জবি নামের নতুন একটি কুকুরের। দীর্ঘদিন ধরে ওই দ্বীপে আটকে থাকা জবি ডাইনোসর ও দ্বীপের পরিবেশ সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেছে। ফলে নতুন এই অভিযানে পাও পেট্রলের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে সে।

তবে বিপদও অপেক্ষা করছিল সেখানে। পাও পেট্রলের পুরনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের প্রাকৃতিক ও খনিজ সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। তার পরিকল্পনার অংশ হিসেবে চালানো খননকাজের কারণে দীর্ঘদিনের সুপ্ত একটি আগ্নেয়গিরি জেগে ওঠে।

এরপর দ্বীপের মানুষ ও প্রাণীদের রক্ষা করা, ডাইনোসরদের নিরাপদে সরিয়ে নেওয়া, আগ্নেয়গিরির বিপদ মোকাবেলা এবং হামডিঙ্গারের পরিকল্পনা ব্যর্থ করা—সব মিলিয়ে একের পর এক অভিযানে নামতে হয় পাও পেট্রল দলকে।

সিনেমাটির বড় আকর্ষণ পাও পেট্রলের পরিচিত উদ্ধার অভিযান, ডাইনোসরের রোমাঞ্চ এবং আগ্নেয়গিরিকে ঘিরে তৈরি হওয়া বিপদের সমন্বয়। জুরাসিক আবহের এই নতুন অভিযান শিশুদের পাশাপাশি পারিবারিক দর্শকদেরও আনন্দ দেওয়ার লক্ষ্যেই তৈরি।

শেষ পর্যন্ত পাও পেট্রল ও জবির সম্মিলিত প্রচেষ্টায় দ্বীপের প্রাণীদের রক্ষা করা সম্ভব হয়। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জবিও হয়ে ওঠে দলের গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘ একাকিত্বের পর সে খুঁজে পায় নতুন বন্ধু এবং এক নতুন পরিবার।

২১ আগস্ট একই দিনে দুই ভিন্ন স্বাদের এই হলিউড সিনেমা মুক্তির মধ্য দিয়ে স্টার সিনেপ্লেক্সের দর্শকদের সামনে থাকছে ভয় আর রোমাঞ্চের দ্বৈত আয়োজন। একদিকে ‘ইনসিডিয়াস’-এর অন্ধকার অতিপ্রাকৃত জগৎ, অন্যদিকে ‘পাও পেট্রল’-এর ডাইনোসর-আগ্নেয়গিরি ঘেরা অভিযান।