বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক বিএনপি ও এক যুবদল নেতার বিরুদ্ধে রিটার্নং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে পৃথক তিনটি আবেদনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি। অভিযুক্তরা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে। টিস্যু পেপারের কোনো কাজে লাগে না। এছাড়া গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত আরেকটি মিলাদ মাহফিলে তিনি রুমিন ফারহানার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে একই মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নারী প্রার্থীর প্রতি অবমাননাকর বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, নিয়ম অনুযায়ী অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিএম/এমএফ