, , চট্টগ্রাম

রাজনীতি

জামায়াত জোটের আট দলের আসন সমঝোতা চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত জোটের ১১ দলের মধ্যে আট দলের আসন প্রায় চূড়ান্ত। বাকি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আসন সমঝোতা চলছে। এরই মধ্যে এই তিন দলের আসন সমঝোতা পাঁচ বিভাগে চূড়ান্ত হয়ে গেছে। বাকি দুই বিভাগে (বরিশাল ও রংপুর) আগামী দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।

তবে জোটের হেভিওয়েট নেতাদের মনোনয়ন বাতিল হওয়ায় আসন ভিত্তিক চূড়ান্ত প্রার্থী দিতে আরও ৯ দিন সময় লাগবে বলে জোট সূত্রে জানা যায়। জোট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, খেলাফত মজলিস এবং এলডিপিকে ছয়টি করে, এবি পার্টি ও খেলাফত আন্দোলনকে তিনটি করে, নেজামে ইসলাম, জাগপা ও বিডিপিকে দুটি করে মোট ৫৪টি আসন প্রায় চূড়ান্ত করা হয়েছে জোটের সমঝোতা বৈঠকে।

বাকি ২৫৪ আসনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আসন সমঝোতার প্রক্রিয়া চলছে। এর মধ্যে গত বুধবার রাতে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন দল দুটি সমঝোতায় বসেছিল।

সেখানে পাঁচটি বিভাগে সমঝোতা হয়ে গেছে। বাকি দুটি বিভাগের (বরিশাল ও রংপুর) আসন সমঝোতায় গত রাতে দল দুটির শীর্ষ নেতারা বৈঠক করেছেন। তবে সমঝোতা চূড়ান্ত হয়নি। এ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গেও গত রাতে আসন সমঝোতার বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

সবমিলিয়ে এখনো চূড়ান্ত হয়নি সমঝোতা। তবে কিছু আসনে এখনো জটিলতা রয়েছে। একটা আসনে জামায়াতও চেয়েছে, সেখানে আবার ইসলামী আন্দোলনও চেয়েছে। আবার অন্য দলও চেয়েছে। এর মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলনের চাওয়াটা বেশি বলে জোটের নেতারা জানান। তবে আগের চেয়ে অনেকটা অগ্রগতি আছে বলেও জানান তারা।

শীর্ষ নেতারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে জোটের অনেক শীর্ষ নেতার মনোনয়ন বাতিল হয়েছে। তারা সবাই আবার নির্বাচন কমিশনে আপিল করেছেন। আপিল নিষ্পত্তি হতে সময় লাগবে আরও ৯ দিন। সেজন্য সমঝোতাও অনিশ্চয়তায় রয়েছে। তবে আগামী দু-তিন দিনের মধ্যে জোটের আসন সমঝোতা একটা প্রক্রিয়াই চলে যাবে।

জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এখন এই তিন দলের সমঝোতার প্রক্রিয়া চলছে। আগামী দু-তিন দিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে বলে আশা করি।

আসন সমঝোতায় কিছুটা জটিলতার উদাহরণ দিয়ে তিনি বলেন, জামায়াত একটা আসন আমাদেরকে ছাড়ল, কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন ছাড়ছে না। আবার ইসলামী আন্দোলন ছাড়লেও জামায়াত ছাড়ছে না। এই ধরনের একটু জটিলতা রয়েছে। তবে এরকম আসন খুব কম। আমরা সমঝোতায় শেষ পর্যায়ে রয়েছি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, বুধবার রাতে আসন সমঝোতার বৈঠকে পাঁচটি বিভাগে চূড়ান্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাতেও আবার সমঝোতার বৈঠক হবে।

তিনি আরও বলেন, আসন সমঝোতায় শেষ পর্যায়ে রয়েছে। তবে কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। কারণ এখানে জোটের অনেক শীর্ষ নেতা রয়েছেন।

সিটিজিএম/জেইউএস